প্রিজন ভ্যান থেকে ‘ভি’ চিহ্ন দেখালেন পলক

প্রিজন ভ্যান থেকে ‘ভি’ চিহ্ন দেখালেন পলক

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:০৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুদকের করা মামলায় হাজিরা শেষে কারাগারে যাওয়ার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে মামলায় শুনানির দিন ধার্য ছিল।

এদিন কারাগার থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার পর লোহার গ্রিলের ফাঁক দিয়ে তর্জনী ও মধ্যমা আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখান তিনি। পরে তাকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় গাড়িটি।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading