ডিম নিক্ষেপ: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি এনসিপি’র

ডিম নিক্ষেপ: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি এনসিপি’র

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ১৯:১০

আমেরিকায় দলের সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিউইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে হেনস্তা করা ও তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। সফরসঙ্গীদের মধ্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর সামনে পড়েন। এ সময় আখতার ও তাসনিম জারাকে উদ্দেশ করে আওয়ামী লীগ নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন ও কটূক্তি করেন। আখতার হোসেনকে হেনস্তা করার একপর্যায়ে তাঁর গায়ে ডিম নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঘটা এ ঘটনা নিয়ে আজ মঙ্গলবার বিকেলে জরুরি ওই সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতারা। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণ–অভ্যুত্থানের নেতাদের দেশ–বিদেশে হামলার টার্গেটে (নিশানা) পরিণত করেছে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় তাদের হত্যার চেষ্টা, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বিদেশে হামলার চেষ্টা এবং সর্বশেষ নিউইয়র্কের এয়ারপোর্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতারই ধারাবাহিকতা।

সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব হামলা ঘটছে। আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে, সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading