দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫০

দেশের প্রায় সব বিভাগে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

এতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

সামগ্রিক আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading