‘এটা হাস্যকর’–পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে ক্ষোভ শাস্ত্রীর
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৩৫
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়ার শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরি হওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন ইন্ডিয়ার সাবেক কোচ রবি শাস্ত্রী। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর ইন্ডিয়ান ক্রীড়া প্ল্যাটফর্মে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সঙ্গে আলোচনায় শাস্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জয় পায় ইন্ডিয়া। এবারের আসরে এটি পাকিস্তানের বিপক্ষে তাদের হ্যাটট্রিক জয়। রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ইন্ডিয়া। ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরি হওয়ায় ক্ষুব্ধ শাস্ত্রী বলেন, ‘গ্যালারিতে দর্শকরা রয়েছে, পরিবেশ একেবারে ফাইনালের মতো, অথচ আমরা ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি—কী হচ্ছে কেউ জানি না। এটা একেবারেই হাস্যকর।’
এই দেরি হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ইন্ডিয়ান দলের মধ্যে অচলাবস্থার কারণে। কারণ ইন্ডিয়া এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। ইন্ডিয়ান দল অনুষ্ঠান চলাকালীন বিজয়ীদের মেডেল কিংবা ট্রফি সংগ্রহ থেকে বিরত থাকে।
এই সমাপনী অনুষ্ঠানটি, যেখানে আটটি অংশগ্রহণকারী দল উপস্থিত ছিল, প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হয়।
ইউডি/রেজা

