শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থী বহিষ্কার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৮

র‍্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগ ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। সর্বশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-উপাচার্য জানান, নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে প্রক্টরিয়াল বডি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির সুপারিশ করে। সিন্ডিকেট সভায় সুপারিশ গ্রহণ করা হয়। বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে মেসে নিয়ে মানসিক নিপীড়নের অভিযোগে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ফাহিম মুনস্তাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া জুনাইদ মোস্তাকিম অয়নকে চার সেমিস্টার এবং প্রীতম সাহা, শরিফুজ্জামান খান আতিক, সাবিত আবরার তাজিম, অনিক আহমেদ, সুয়েল রানা, যুবায়ের হোসেন, নাইম মিয়া, বিকাশ চন্দ্র ধর, সাইয়্যেদুল বাশার রিফাত ও রাজন সাহা সানীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছে।

এদিকে গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৫ ছাত্রীকে র‍্যাগ দেওয়ার অভিযোগে পাঁচ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে কাজী তাসমিয়া হক অরিশাকে ৪ সেমিস্টার এবং ফারজানা মেহেরুন নূহ্য, তাসমিয়াহ আলম মাইশা, লামিয়া ইসমাইল জুঁই ও শ্রাবণী দে প্রিয়াকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে গত বছরের একই সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের এলাকায় একটি মেসে একই বিভাগের শিক্ষাবর্ষের ১০-১৫ জন শিক্ষার্থীকে র‍্যাগ দেওয়ার অভিযোগে ওই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সাখাওয়াত হোসেন এবং সাগর হোসেনকে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এছাড়া শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আবদুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী এবং নাফিজ ইমতিয়াজ রোহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

হল থেকে বহিষ্কার শিক্ষার্থীরা পরবর্তীতে হলে আবাসিকতার আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন বলে জানান প্রশাসন। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবেন না বলে প্রক্টরের কাছে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading