অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও

অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:০০

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটির মতো লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। পাশাপাশি এই মাসে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। গত ৩০ সেপ্টেম্বর সভা করে এই পূর্বাভাস দেয়া হয়।

এতে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

অন্যদিকে সারা দেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading