খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, অস্ত্র উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৫০

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।

সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি রাউন্ড অ্যামুনিশন, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে জানা যায়।

সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

এদিকে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading