ধান ছেড়ে তেজপাতা চাষে ঝুঁকছেন কাউনিয়ার কৃষক

ধান ছেড়ে তেজপাতা চাষে ঝুঁকছেন কাউনিয়ার কৃষক

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, আপডেট ০৯:০০

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের একটি গ্রাম বাজেমজকুর। এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে তেজপাতার বাগান। বাড়ির নারী-পুরুষ নির্বিশেষে নিজেরাই তেজপাতা আবাদ ও পরিচর্যা শেষে বস্তা ভরে তুলে দেন ব্যবসায়ীদের হাতে।

এ দৃশ্য শুধু বাজেমজকুর গ্রামেরই নয়। টেপামধুপুর, চৈতারমোড়, রাজিবসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, তেজপাতা ঘিরে এমন কর্মব্যস্ততা। প্রচলিত ফসলের জমির পাশাপাশি দেখা মিলছে তেজপাতার বাগান।

রংপুরে এক সময় অনেকে শখ করে বাড়ির আঙিনায় তেজপাতার গাছ রোপণ করতেন পরিবারের চাহিদা মেটানোর জন্য। এখন অবস্থা পাল্টে গেছে। এখন যে দিকে চোখ যায় সেদিকেই তেজপাতার গাছ চোখে পড়ে। ধানচাষে লাভ কম হওয়ায় অনেকেই তেজপাতা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

জেলার কাউনিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে উৎপাদিত তেজপাতা দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ২১টি দেশে যাচ্ছে। ব্যাপক চাহিদা ও বাজারমূল্য ভালো থাকায় এখন উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মশলার চাষ হচ্ছে।

উপজেলার রাজীব গ্রামের কৃষক মো. আবু সুফিয়ান জানান, ৬৬ শতক জমিতে ৩৩৩টি তেজপাতা গাছ লাগান তিনি। এতে তার খরচ হয় ৩০ হাজার টাকা। এ পর্যন্ত তিনি আয় করেছেন ২ লাখ টাকা। একই গ্রামের আশরাফুল ইসলাম আগে যে জমিতে ধান, পাটসহ বিভিন্ন সবজির আবাদ করতেন, এখন সেখানে তেজপাতার বাগান করেছেন।

বাজেমজকুর গ্রামের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, ধান চাষে লাভ কম, পরিশ্রম বেশি। উপজেলার অনেক কৃষক এখন ধান চাষ ছেড়ে তেজপাতা চাষে মনোযোগী। তেজপাতা বাগান করতে হলে জমিতে নামমাত্র চাষ দিতে হয়। সেখানে জৈব সার ছিটিয়ে এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার দিয়ে চারা লাগাতে হয়। এই গাছের পাতা ছাগল-গরু খায় না। একটি চারা রোপণের চার বছর পর থেকে ৫০ বছর পর্যন্ত পাতা পাওয়া যায়।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, কাউনিয়ার বিভিন্ন গ্রামে কয়েকশ বিঘা জমিতে তেজপাতার বাগান রয়েছে। এসব বাগান থেকে কৃষকেরা প্রতি বছর কয়েক কোটি টাকার পাতা বিক্রি করে থাকেন। অর্থকারী ও মসলাজাতীয় উদ্ভিদ তেজপাতার অনেক ভেষজ গুণ আছে। ভেষজ ওষুধ হিসেবে এটি ব্যবহার করা হয়। এ অঞ্চলের আবহাওয়া তেজপাতা চাষের জন্য উপযোগী। কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের অনাবাদি জমি ফেলে না রেখে ধান, পাট, আলুসহ বিভিন্ন সবজি চাষের পাশাপাশি তেজপাতা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। অনেক কৃষক প্রচলিত বিভিন্ন ফসলের পাশাপাশি তেজপাতার বাগান করছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা এখন তেজপাতার চাষে ঝুঁকছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading