সাইবার হামলার শঙ্কা: দেশের বিমানবন্দরের জন্য বিশেষ সতর্কতা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:১৫
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলোকে দেয়া হয়েছে ১০টি বিশেষ নির্দেশনা।
গত ১ অক্টোবর বেবিচকের পক্ষ থেকে দেয়া লিখিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বেশকিছু বিমানবন্দরে সাইবার হামলা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
সাইবার নিরাপত্তা নিশ্চিতে ১০ নির্দেশনা
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।
২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।
৩. হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকা।
৪. সফট্ওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।
৫. পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।
৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করা।
৭. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা।
৮. দাফতরিক কাজে বেবিচকের ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।
৯. পুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।
১০. পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।
এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভূত সমস্যা পরিলক্ষিত হলে বেবিচকের সিএএবি-সিআইআরটি টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে তাৎক্ষণিক অবহিত করারও নির্দেশনা দেয়া হয়েছে।
ইউডি/এবি

