প্রকৌশল অনুষদ কেন্দ্রে স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ

প্রকৌশল অনুষদ কেন্দ্রে স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:০৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রকৌশল অনুষদের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন পোলিং এজেন্ট। অভিযোগ করে ছাত্রদলের ভিপি প্রার্থীর পোলিং এজেন্ট মোহাম্মদ শামিম উদ্দীন বলেন, অন্তত ২০জন ভোটার প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ব্যালট বাক্সে ভোট দিয়েছেন। এ ঘটনায় আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী নূর মোহাম্মদের পোলিং এজেন্ট নূর মোহাম্মদ বলেন, ভোট গ্রহণের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। কিন্তু ভোটের শুরুতে প্রায় ১৫–২০টি ব্যালটে কোনো স্বাক্ষর ছিল না। এই ব্যালটগুলো বৈধ কিনা, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এসব বিষয়ে আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাদের মনে হচ্ছে, এভাবে ভোট হলে এটি একটি প্রহসনে পরিণত হবে।

অভিযোগ প্রসঙ্গে প্রকৌশল অনুষদের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শরিফুজ্জামান বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি আমলে নিয়েছি। ভোট গ্রহণ শেষে যাচাই-বাছাই করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, সংশ্লিষ্ট ব্যালটগুলো গণনায় ধরা হবে কি না।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading