ঢাকা মেডিকেলের পাশেই পড়ে ছিল তিন ‘ভবঘুরের’ মরদেহ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ২০:০০
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের দেয়াল ঘেঁষে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। আর জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন আরও দুই ব্যক্তি। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিন জনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবুও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো দাবিদার পাওয়া না গেলে মৃতদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে।
ইউডি/এআর

