গাজায় হামলায় নিহত ২০, বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস

গাজায় হামলায় নিহত ২০, বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৫৯

দক্ষিণ রাফাহতে গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন প্যালেস্টাইনি নিহত হন। এ ঘটনার পর বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাস।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। খবর আলজাজিরার।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেড ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে “মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।”

এদিকে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে।

অন্যদিকে আমেরিকার উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন, হামলা ও পারস্পরিক অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি টিকে আছে। তিনি বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। কিন্তু প্রেসিডেন্টের শান্তি উদ্যোগ এই পরিস্থিতিতেও বহাল থাকবে।”

চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার সাবরা এলাকায় এক আবাসিক ভবনে চারজন এবং দক্ষিণ খান ইউনূসে পাঁচজন রয়েছেন। অন্তত ৫০ জন আহত হয়েছেন।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র আল-শিফা হাসপাতালের পেছনে পড়েছে।

তিনি বলেন, “গাজার আকাশজুড়ে ড্রোন উড়তে দেখা গেছে, আকাশে ব্যাপক তৎপরতা চলছে। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে, আমরা ঘটনাস্থল থেকে ২০ মিনিট দূরে থেকেও বিস্ফোরণের শব্দ শুনেছি। এতে হাসপাতালের ভেতরে রোগী ও চিকিৎসাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

সিভিল ডিফেন্সকর্মী ইব্রাহিম আবু রিশ ঘটনাস্থল থেকে বলেন, “এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। আমরা হতাহত পেয়েছি এবং যত বেশি সম্ভব মানুষকে উদ্ধারের চেষ্টা করছি।”

হামাস জানায়, চলমান বোমা হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তবে সংগঠনটি বলেছে, তারা এখনো চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

হামাস নেতা সুহাইল আল-হিন্দি আলজাজিরাকে বলেন, “আমরা চুক্তি মেনে চলছি। ইসরায়েল মিথ্যা অভিযোগ তোলা বন্ধ করুক।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading