৬০ বছরে পা দিলেন শাহরুখ খান

৬০ বছরে পা দিলেন শাহরুখ খান

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:০৩

বলিউডের অন্যতম সেরা মেগাস্টার শাহরুখ খানের জন্মদিন আজ (রবিবার)। ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন তিনি। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং এখনো কিং খানকে ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপালি পর্দায়।

১৯৬৫ সালের ২ নভেম্বর ইন্ডিয়ার নয়া দিল্লির এক মুসলিম পরিবারে জন্মেছিলেন বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী ও সর্বাধিক হিট সিনেমার মালিক শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। মা লতিফ ফাতিমা। দুজনেই প্রয়াত।

যেমনটা হয়, জন্মদিনের আগের রাত থেকেই কয়েক হাজার ভক্ত ভিড় করেন শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। কিং খানকে শুধু এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে তারা ছুটে আসেন। কাঠফাটা রোদ, আরব সাগরের উষ্ণ দমকা হাওয়া, পুলিশের লাঠিপেটা- সবকিছু অগ্রাহ্য করে এদিন হয়ে পড়েন তারা বাধাহীন।

বলাবাহুল্য, এবারের জন্মদিনেও তেমনটিই হবে বলে ইন্ডিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর। সেখানে বলা হচ্ছে, শনিবার (১ নভেম্বর) রাত থেকেই শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেছেন তার ভক্তরা। দুপুর নাগাদ লোকে লোকারণ্য হয়ে যাবে বাড়ির সামনের এলাকা।

এরপর দিনের কোনো একসময়ে এক ফাঁকে শাহরুখ খান বাড়ির বেলকনিতে এসে হাত দোলাবেন ভক্তদের উদ্দেশে। ছুঁড়ে দেবেন উষ্ণ চুমু। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়বেন আগত ভক্তরা। এমন দৃশ্য গত আড়াই দশকেরও বেশি সময় ধরে কিং খানের বাড়ি মান্নাতের সামনে দেখা যায়। এছাড়া সামাজিক মাধ্যমে রাত থেকে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা।

শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন জাতীয় পুরস্কার ও ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ২০২৩ সালে ফেরেন রাজার বেশে। সে বছর তার মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দুটি সিনেমাই হাজার কোটি টাকার উপরে ব্যবসা করে। এ ঘটনা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিরল। এক বছরে দুটি হাজার কোটি টাকার সিনেমা! ভাবা যায়?

তবে শাহরুখ ম্যাজিক এখানেই শেষ হয়নি। ওই বছরেরই ডিসেম্বরে মুক্তি পায় কিং খানের ‘ডাঙ্কি’ নামে আরেকটি সিনেমা। সেখানে তিনি প্রথমবার কাজ করেন বলিউডের মাস্টারমেকার রাজকুমার হিরানির সঙ্গে। যার কোনো সিনেমাই ফ্লপ নেই। যথারীতি ‘ডাঙ্কি’ও মোটামুটি ভালো ব্যবসা করে।

সামনে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খানের ‘কিং’ নামে একটি সিনেমা। আপাতত সেই অপেক্ষায় তার অগণিত ভক্ত। অন্যদিকে কিং খানের জাবড়া ফ্যানেরা অপেক্ষায় মান্নাতের সামনে। দেখা দেবেন কি অভিনেতা?

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading