স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা

স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪০

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েক বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোন এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।’

জাকির নায়েকের আসার ব্যাপারে উপদেষ্টার সম্মতি আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। উনারা যদি পারমিট করেন তবে উনি আসবেন।’

জাতীয় নাগরিক পার্টি এখনো জুলাই সনদের স্বাক্ষর করেনি। নির্বাচনের সময় আছে তিন মাস। এমন অবস্থায় নির্বাচন নিয়ে জানতে চাওয়া হলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার তো মনে হয় নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাই-কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে পারব, এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’

এনসিপির জুলাই সনদের স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, ‘দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও আলোচনার মাধ্যমে তা খুলতে বেশি সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহিহ ও পরিশুদ্ধ, অতএব আমরা সুষ্ঠু অবাক একটি নির্বাচনের দিকে এগোচ্ছি।’

সরকারের সঙ্গে দূরত্ব ঘুচাতে লিঁয়াজো কমিটি হচ্ছে কিনা- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা আমার জানা নেই, লিঁয়াজো কমিটি তো সব সময় থাকে। হতে পারে, আমি মনে করি একটু ভুল বোঝাবুঝি হলে, পরবর্তী সময়ে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বড় ধরনের কোন ভুল বোঝাবুঝি হয়নি।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading