মাদকের বিনিময়ে সার পাচার; আটক ৯

মাদকের বিনিময়ে সার পাচার; আটক ৯

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সার পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নোয়াখালির হাতিয়া উপজেলায় ঘটেছে এই ঘটনা। এসময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের পিত্তমখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে আবুল কাশেম (৪৫), সন্দীপ উপজেলার উরিরচর এলাকার মুন্সি মাঝির ছেলে মো. সালাউদ্দিন (২৮), চট্টগ্রাম খুলশী থানার দামপাড়া টাইগার পাস এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সোহেল (৩৫), নোয়াখালী হাতিয়া উপজেলার সূর্যমুখী শূন্যের চর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. বাহার (৫৭), ঢাকা দোহার উপজেলার মেথুলা বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে মো. আক্তার হোসেন (২৮), লক্ষ্মীপুর সদর উপজেলার আঠিয়া তলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সালেহ আহাম্মদের ছেলে মো. সাহেল (২৮), পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) রাজাবাড়ী গ্রামের নুরুল হুদার ছেলে মো. নেছার উদ্দিন (৩৭) ও তার ছেলে মো. সম্রাট মিয়া (১৬)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১,১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ সারের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading