ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, তিনজন আহত
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:০৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে এক রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার নবীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের শিপন ও থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খেতে গেলে রিফাত ও তার সহযোগীরা সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।
ইউডি/এআর

