ব্যাটিং ব্যর্থতায় বড় হার যুবাদের, সিরিজ সমতায় আফগানিস্তান

ব্যাটিং ব্যর্থতায় বড় হার যুবাদের, সিরিজ সমতায় আফগানিস্তান

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:

সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে ১০২ রানের বড় জয়ে সমতায় ফিরলো আফগানিস্তানের যুবারা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার (৫ নভেম্বর) ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৭৩ রানে থামে লাল সবুজদের ইনিংস। কালাম সিদ্দিকি আলিন ও রিজান হোসেনের ফিফটি আর জাওয়াদ আব্রারের ২৫ রানের ইনিংস ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেনি। আফগানদের হয়ে বল হাতে ৪০ রান খরচায় ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল জাইতুল্লাহ শাহিন। এছাড়া ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ওয়াহিদউল্লাহ জাদরান।

এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে ৫ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। একই মাঠে গত ৩১ অক্টোবর ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। আর তৃতীয় ম্যাচে আজ ঘুরে দাঁড়াল আফগানরা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ ‍উইকেট হারিয়ে ২৭৫ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান। দলকে বড় পুঁজি এনে দেওয়ার নায়ক ফয়সাল খান শিনোজাদা ও মাহবুব খান। ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১০০ রান করে আউট হন ফয়সাল। ৭৮ বলে ৫ চারের মারে ৬৮ রান করেন মাহবুব। এছাড়া ৩৫ বলে ৩১ রান করেছিলেন উজাইরুল্লাহ নিয়াজাই। বল হাতে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

রান তাড়ায় নেমে এদিন শুরু থেকেই চাপে ছিল যুবা টাইগাররা। দলের খাতায় ৪৫ রান যোগ হতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ওপেনার জাওয়াদ ২৪ বলে ২৫ রান করে আউট হন। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার ব্যর্থ হন। রিফাত বেগ শূন্য আর তামিম ৯ করে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে রিজানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন আলিন। ৫০ বলে ৪ ছক্কা ও ৩ চারের মারে ৫২ রান করে রিজান আউট হলে ভাঙে তাদের ১০৩ রানের জুটি। এরপর আর কেউ আলিনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৩৭তম ওভারে দলীয় ১৭১ রানে তিনিও আউট হলে আর বেশিদূর এগোয়নি লাল সবুজদের ইনিংস। ৭৯ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো ছিল আলিনের ৭১ রানের ইনিংসটি।

সিরিজের চতুর্থ ম্যাচে একই স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর মুখোমুখি হবে দুদল। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ৯ নভেম্বর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading