এনসিপি কারও বগলে না গিয়ে প্রয়োজনে রাজপথকে সংসদ বানাবে: হাসনাত
উত্তরদক্ষিণ। বুধবার (৫ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৮
কারো বগলে না গিয়ে প্রয়োজনে রাজপথকে সংসদ বানানো হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি জোটে বিশ্বাসী নয়। তবে যদি কেউ এনসিপির সাথে আসতে চায় তাদের আমরা স্বাগত জানাই। তবে যারা চব্বিশের জুলাই পরবর্তীতে নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে চান, আমরা তাদেরকেই চাই। যারা বাংলাদেশপন্থি এবং ফ্যাসিস্টবিরোধী আমরা তাদের চাই।’
এ সময় তিনি আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে নভেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে বলে সভায় স্মরণ করিয়ে দেন। শেখ হাসিনাকে শুধু একজন ব্যক্তিই নন, ফ্যাসিস্টেও একটি আইডিয়াও হিসেবে আখ্যায়িত করেন তিনি।
সমন্বয় সভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়াকে ইঙ্গিত করে বলেন, ‘কলহের রাজনীতিতে গুলি খেয়ে মরতে না চাইলে আমাদের সঙ্গে এনসিপিতে আসুন। আমরা যাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, তারা নিজেদের লোককেও গুলি করে মারতে দ্বিধা করে না। গুলি খেয়ে মরতে না চাইলে এনসিপি করতে হবে। আমরা-আপনারা যুদ্ধ করতে নেমেছি মাফিয়ার বিরুদ্ধে, যেখানে রয়েছেন এস আলমের মতো মানুষও।’
তিনি আরও বলেন, ‘এনসিপি নির্বাচনে সিট বণ্টন নয়, রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। মাফিয়াতন্ত্রের রাজনীতির কারণে মানুষ আতঙ্কে থাকেন। ভোট দিতে চান না। অথচ ভোটের ব্যালট বাক্স শক্তিশালী হওয়ার কথা ছিল। কিন্তু বুলেট শক্তিশালী করা হয়েছে। যারা এটা করছে, ক্ষমতায় গেলে আমরা তাদের বিচার করবো।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘নির্বাচন নয়, নির্বাচন ব্যবস্থাকে জেতাতে হবে। খোন্দকার মোস্তাক হওয়া যাবে না। শুনেছি, ব্যালট বাক্স নাকি ১২টার মধ্যেই ভরে ফেলা হবে। আমরা একজন হাসনাত আবদুল্লাহও যদি দাঁড়িয়ে যাই, তাহলে সেটা করা যাবে না। আগামীর ভোট হবে চাঁদাবাজির বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। আগামীর ভোট হবে বুলেটের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। এটা না হলে দেশ আবারও পিছিয়ে যাবে।’
সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা ইতিহাসের কালো গহ্বরে হারিয়ে যেতে চাই না। আমরা নতুন ইতিহাস গড়তে চাই। বাংলাদেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে চাই। ১০০-২০০ সিটের জন্য শহীদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না।’
এ সময় তিনি আহত ও শহীদদের দায় না মিটালে উপদেষ্টাদের গাড়ির কালো কাচের ভেতর থেকে মানুষ টেনে বের করে আনবেন বলেও মন্তব্য করেন। সভায় স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার সমালোচনা করে উপদেষ্টা পরিষদ থেকে তাকে বাদ দেওয়া দাবি জানান তিনি। এছাড়া সাংবাদিকদের যথাযথ মর্যাদা প্রদান এবং দলকে নারী বান্ধব হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি।
এনসিপির কতিপয় নেতাকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দলের কিছু মানুষের পদ আছে, কিন্তু তারা দায়িত্বে নেই। অথচ কিছু মানুষের পদ নেই, কিন্তু তারা দায়িত্বে আছেন। কিন্তু মূল কথা হলো পদ যার, দায়িত্বও তার। ঢাকায় থেকে চট্টগ্রামের রাজনীতি করা যাবে না। চেইন অব কমান্ড মেনে রাজনীতি করতে হবে। এলাকায় থাকা লোকজনই এলাকার রাজনীতি করবেন। কোরাম প্রথা করা যাবে না। যোগ্যদের নেতৃত্ব দিতে হবে।’
ইউডি/এবি

