জাহানারার অভিযোগের প্রভাবমুক্ত তদন্তের দাবি সাবেক অধিনায়ক মাশরাফীর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, আপডেট ১৮:৩৬
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ এখন দেশের আলোচিত ইস্যু। তার অভিযোগ আনার দিনই তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবি। আজ এ নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা।
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে জাহানারা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে। তার দাবি, বিসিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি।
অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি গতকাল তদন্ত কমিটি গঠন করার কথা জানায়। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তামিম ইকবালের দাবি, তদন্ত কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কাউকে না রাখা, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। একটি সরকারি বা স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান তার।
ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
মাশরাফী আশা করছেন প্রভাবমুক্ত তদন্তের। ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
ইউডি/রেজা

