আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়, মাধ্যম নয়: পারসা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:২০
ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে তরুণদের মাঝে তুমুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক দিয়ে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। সেখানে ইভা চরিত্রে অভিনয় করেছেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
আমেরিকার বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স নাচের স্কুল ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেছেন একটি নাচের কোর্সও। বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি। অংশ নিচ্ছেন নানা আয়োজনে। তবে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছে না তাঁকে।
পারসা ইভানা বলেন, কোনো কারণ নেই। মানুষের তো শেখার শেষ নেই। একজন আর্টিস্টের মৃত্যু পর্যন্ত শেখার অতৃপ্তি থাকে। তবে আমি মূলত ঘুরতে গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর সিদ্ধান্ত নেই ঘুরাঘুরি পাশাপাশি সময়টাও একটু শিক্ষাতেও কাজে লাগাই। সেই চিন্তা থেকেই কোর্সগুলো করা। অভিনয় করার পর মনে হয়েছে, আমি উত্তম সিদ্ধান্তই নিয়েছিলাম। এই শিক্ষা আমাকে ভেতর থেকে অনেক সমৃদ্ধ করেছে।
তিনি বলেন, দেশে ফেরার পর বিশ্রামের দরকার ছিল। তাই বেশ খানিকটা সময় বিশ্রামে কাটাই। এরপর কিছু ফটোশুট করেছি, তবে বড় কোনো কাজ এখনও হাতে নেই। কিছু প্রস্তাব নিয়ে কথা চলছে, ভালো কিছু হলে শিগগিরই নতুন খবর দিতে পারব। আমি চাইছি, এমন একটি কাজ দিয়ে ফিরতে, যেটা হবে আমার জন্য নতুন এক সূচনা।
সিনেমার জন্য প্রস্তুত হওয়ার প্রসঙ্গে বলেন, অনেকে সিনেমা করছে বলে আমাকেও করতে হবে– বিষয়টা তেমন নয়। আবার করব না, এমনও নয়। পরিচালকরা যদি কোনো গল্পে আমাকে উপযুক্ত মনে করেন, অবশ্যই কাজ করব। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ‘অভিনয়’, মাধ্যম নয়। গল্প ও চরিত্র যদি ভালো লাগে, সেটা ইউটিউব, ওটিটি বা বড় পর্দা– যেখানেই হোক, আমি অভিনয় করব। আমি সব মাধ্যমেই অভিনয় করার জন্য প্রস্তুত। পরিচালকরা আমাকে যে কোনো মাধ্যমেই ভাবতে পারেন। আমাদের দেশে এখন দারুণ দারুণ সিনেমা নির্মিত হচ্ছে। সিনেমার গল্পগুলো মানুষ গ্রহণ করছেন। আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ ব্যবসা করছে সিনেমাগুলো। ব্যাটে-বলে মিলে গেলে সিনেমাতেও দেখা যেতেই পারে। তবে সেটি হলে সবাই আনুষ্ঠানিকভাবেই জানবেন।
ইউডি/কেএস

