আগামী বছর ঈদ ও পূজায় ছুটি কতদিন?

আগামী বছর ঈদ ও পূজায় ছুটি কতদিন?

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৪০

চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওইদিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। দু-একদিনের মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম। এই অভিজ্ঞতার আলোকে আগামী বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

দুই ঈদের দু’দিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। ঈদের আগে-পরের এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading