জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩৫

জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন হয়েছে উল্লেখ করে এটি বাস্তবায়নে গড়িমসি করলে কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?

রাজনৈতিক পক্ষগুলোকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলেই এই পল্টনে আমরা কথা বলতে পারছি। জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। তাদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতির জন্য তৈরি থাকুন।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি পূরণ না করতে পারছি, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে সমাবেশে দিল্লির ষড়যন্ত্রে আগামী ১৩ নভেম্বর পরাজিত ফ্যাসিবাদী দল লকডাউন কর্মসূচি দিয়েছেন বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আর জাতীয় নির্বাচনের বৈধতার জন্য গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারির আগেই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে।

জামায়াতসহ আট দলের ঐক্যের মাধ্যমে বাংলাদেশ নতুন রাজনৈতিক দিশা খুঁজে পাবে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।

সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলে বেলা ১২টায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল পল্টন মোড় এলাকা। দুপুর ২টার কিছু পরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলে গুলিস্তান থেকে নাইটিঙ্গেল মোড় এবং বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত জনতার জনসমুদ্র সৃষ্টি হয়।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, নির্বাচনে উভয় পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading