দেশের সব বিমানবন্দরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:০০
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।
চিঠিতে সিসিটিভি নজরদারি বাড়ানো, নিরাপত্তা টহল জোরদার করা এবং সর্বোচ্চ জনবল নিশ্চিত করার মতো একাধিক কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
বেবিচকের নির্দেশনায় বলা হয়, দেশের সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল পেট্রোল এবং ফুট পেট্রোল বাড়ানোসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
চিঠিতে দেয়া প্রধান নির্দেশনাগুলো হলো:
বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে এবং নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থায় রাখার জন্য নিয়মিত ব্রিফিং দিতে হবে।
বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র্যানডম নিরাপত্তা তল্লাশি করতে হবে। যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের যথাযথ তল্লাশি নিশ্চিত করতে হবে।
বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানাপ্রাচীর এলাকায় নিয়মিত ও ঘনঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে।
সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন: স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি ইত্যাদি) প্রতিদিন পরীক্ষা করে তাদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
ইউডি/এবি

