মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটদানের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ একটি উৎসবমুখর পরিবেশে ভোটদানের অপেক্ষায় রয়েছে। দেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন। মানুষ এখন সেই অপেক্ষায় আছে। তারা এখন আর অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করতে চায় না।
শুক্রবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যেন নির্বাচনের দিকে এগিয়ে যাই এবং দেশের মালিকানা, দেশের মানুষের কাছে ফিরিয়ে দিই। তাদের ভোটের মাধ্যমে আমরা যারা নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহীতা থাকবে। এটাই হচ্ছে এখন মানুষের সবচেয়ে প্রধান চাহিদা।
আমীর খসরু বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার পর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। কেবল নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায়ের দিন বিশৃঙ্খলা হলে তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। ধীরে ধীরে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যাদের যে দায়িত্ব, তাদের সেই দায়িত্ব পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে, এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে।
ইউডি/রেজা

