আমেরিকার ‘সন্ত্রাসী’ তালিকায় ইউরোপের চার সংগঠন
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৫
জার্মানি, ইতালি ও গ্রিসের চার সংঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা। বামপন্থি ফ্যাসিবাদ-বিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনের সঙ্গে যোগ থাকায় সংগঠনগুলোকে ‘বিশেষভাবে চিহ্ণিত বৈশ্বিক সন্ত্রাসী’র তকমা দেওয়া হয়েছে।
এসব সংগঠন ‘হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী’ বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার নেওয়া আমেরিকার ওই পদক্ষেপ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যান্টিফা আন্দোলনকে নির্মূল করার পথে আরেকটি ধাপ।
নতুন ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তালিকাভুক্ত হওয়া ইউরোপের চার সংগঠন হল: জার্মানির অ্যান্টিফা অস্ট, ইতালির ইনফর্মাল অ্যানার্কিস্ট ফেডারেশন/ইন্টারন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট (এফএআই/এফআরআই), গ্রিসের প্রোলেতারিয়ান জাস্টিস এবং রেভল্যুশনারি ক্লাস সেলফ-ডিফেন্স। এটিও গ্রিসের সংগঠন।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি এই সংগঠনগুলোকে ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করতে চান, যা আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে। আমেরিকা বিশ্বজুড়ে অন্যান্য গোষ্ঠীগুলোকেও টার্গেট করবে বলেও সতর্ক করেছেন রুবিও।
তিনি বলেন, “এই আন্দোলনে জড়িত সংগঠনগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী বলে জাহির করে, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধিতা, পুঁজিবাদ-বিরোধিতা এবং খ্রিস্টধর্ম-বিরোধিতা। এগুলোকে কাজে লাগিয়ে তারা দেশের ভেতরে এবং বাইরে সহিংস আক্রমণ উস্কে দেয় এবং একে ন্যায্যতা দেয়।”
রুবিও আরও বলেন, “আমেরিকা জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষার জন্য হাতে থাকা সব উপায় অবলম্বন করবে এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও সম্পদ বাজেয়াপ্ত করবে।”
অ্যান্টিফা শব্দটি ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ এর সংক্ষিপ্তরূপ। কোনও সুস্পষ্ট কাঠামো ও নেতা ছাড়াই চলা আন্দোলন এটি। মার্কিন কংগ্রেসের ২০২০ সালের প্রতিবেদনে উল্লেখ আছে, অ্যান্টিফার কোনও সুসংগঠিত কমান্ড বা নেতৃত্ব নেই।
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির অ্যান্টিফা ওস্ট ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত জার্মানিতে ‘ফ্যাসিবাদী’ বা ‘ডানপন্থি’ হিসেবে চিহ্নিতদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বুদাপেস্টেও একাধিক হামলার জন্য অভিযুক্ত।
জার্মান গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের প্রতিবেদনে এই সংগঠনকে ‘সহিংস নেটওয়ার্ক’ হিসেবে চিহ্নিত করে। ডিসেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত চারজন গ্রুপের সদস্যকে গ্রেফতার করা হয়। তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, তাদের সদস্যরা এখনও জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডি-কে হামলার নিশানা করে আসছে।
ইউডি/এবি

