নতুন পোশাকে মাঠে নামলো পুলিশ

নতুন পোশাকে মাঠে নামলো পুলিশ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:১০

নতুন পোশাক পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো।

শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরিধান করেছেন। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন পোশাক পায়নি। তবে তারাও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ডিএমপির সদস্যরা আজ থেকে নতুন পোশাক পরিধান করে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে। ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা রাজধানীর পুলিশ বাহিনীর জন্য এক দৃশ্যমান পরিবর্তন।

এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছিলেন, ডিএমপি, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত গত ২০ জানুয়ারি অনুমোদিত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেয়া।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading