মিরপুরে দুই জায়গায় চারটি ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ০১:৩০
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাগুপ্তা এলাকা ও মেট্রো স্টেশনের নিচে পৃথক ঘটনায় চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, এগুলো ককটেল ছিল না, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুষ্কৃতিকারীরা।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
তিনি জানান, পল্লবীর সাগুপ্তা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে চারটি লাল স্কচটেপে মোড়ানো পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, এগুলো পটকা, সেগুলো ফাটিয়ে দুষ্কৃতিকারীরা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।
পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১২ স্বপ্ননগর আবাসিকের গেটের সাগুপ্তা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অন্যদিকে মিরপুরের পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ইউডি/কেএস

