বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম

বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৩০

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ক্রিকবাজকে তামিম বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’

২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি। সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল।

তবে এবার তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের জন্ম দেয়নি। স্বাস্থ্যগত জটিলতা, দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির স্বল্পতার কারণে মৌসুমে অংশ না নেওয়ার জোরালো ইঙ্গিত আগে থেকেই ছিল। এর সঙ্গে যোগ হয় ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত—যারা সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে দেখিয়েছে।

৩৬ বছর বয়সী তামিম গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে তিনি পেশাদার ক্রিকেটে আর ফিরেননি; মনোযোগ দিয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায়। এ সময় তামিম ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading