সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তরদক্ষিণ। বুধবার (১৯ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০
নির্বাচনী দুর্নীতি প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) আস্থা সৃষ্টি করতে পারেনি বলে মনে করছেন বরিশালের নাগরিক সমাজ। তারা নির্বাচনী ফলাফল ঘোষণার আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিস্ময় প্রকাশ করে তারা বলেছেন, প্রবাসীরা ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। অথচ দেশে থেকেও জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না মান্তা সম্প্রদায়, ভাসমান ও ছিন্নমূল মানুষ। ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বুধবার (১৯ নভেম্বর) বরিশাল মহানগরের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্যে এসব অভিমত প্রকাশ করেছেন।
তারা বলেছেন, নির্বাচনী মনোনয়ন, অতিরিক্ত জামানত, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া, প্রচারণাসহ নির্বাচনকেন্দ্রিক নানা দুর্নীতি চলছে। এই দুর্নীতি প্রতিরোধে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভায় ‘নির্বাচন-পরবর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কী’– এ প্রশ্নে সমবেত নাগরিকরা ভোট নিয়ে তাদের প্রত্যাশা জানিয়েছেন। এই প্রত্যাশার পূর্বভাগে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মৌলিক সংস্কার বাস্তবায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, অন্যায় করলে পদত্যাগ, মানবাধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, জীবনের নিরাপত্তা, সাম্য, সমাজতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, জনগণের ক্ষমতায়ন, ইতিবাচক আচরণ, বাক্স্বাধীনতা ও শিক্ষার অধিকার।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাড়ে তিন ঘণ্টার এই পরামর্শ সভা সঞ্চালন করেন। সভায় স্থানীয় নাগরিকরা বরিশালে কর্মসংস্থানের সংকট, শিল্পায়ন না থাকা, নদীভাঙন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও হিজড়া জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরেন।
সভার সূচনা বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন।
ইউডি/এবি

