বেনাপোল: বাণিজ্যে ১৩ কোটি, ভ্রমণে ১৪ লাখ টাকা রাজস্ব আয়

বেনাপোল: বাণিজ্যে ১৩ কোটি, ভ্রমণে ১৪ লাখ টাকা রাজস্ব আয়

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যে ৩৮৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়েছে এবং ১৫৫৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। এ সময় বাণিজ্য খাতে প্রায় ১৩ কোটি টাকা এবং ভ্রমণে প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, সোমবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭২.৫০ রুপি এবং ইন্ডিয়ান ১০০ টাকায় বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩৫ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা।

বন্দরের তথ্য মতে, রবিবার সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোলে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়। এদিন দিনভর ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে ৩৪২ ট্রাক পণ্য। আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশুখাদ্য, মেশেনারিজ দ্রব্য, অক্সিজেন, বিভিন্ন প্রকারে ফল, চাল, পেঁয়াজ, মাছসহ বিভিন্ন পণ্য।

বাংলাদেশি পণ্য ইন্ডিয়ায় রফতানি বাণিজ্য হয়েছে ৪৫ ট্রাক। এসব পণ্যের মধ্যে উল্লেখ্য ছিল: বসুন্ধরা টিসু, মেলামাইন, কেমিকেল মাছ ও ওয়ালটন পণ্যসামগ্রী।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান জানান, গত বছরের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি, রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে কমে এসেছে। এক বছর ধরে বন্ধ দুই দেশের বাণিজ্য বৈঠক। এতে দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন। বাণিজ্যের পরিবেশ ফেরাতে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি।

ইমিগ্রেশন তথ্য মতে, ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। রবিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১৫৫৬ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়ায় গেছে ৮২৪ জন। ইন্ডিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৬২০ জন, ইন্ডিয়ান ২০৩ জন ও অন্যান্য দেশের দুজন। এ সময় ইন্ডিয়া থেকে ফিরেছেন ৩২ জন। ইন্ডিয়া ফেরত যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৫১৮ জন, ইন্ডিয়ায় ২১৪ জন। গত বছরের ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়।

এ দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, সবশেষ ২৩ নভেম্বর রেলপথে এসিআই মটরস নামে আমদানিকারক ইন্ডিয়া থেকে ১০০টি ট্রাক্টর আমদানি করেছে। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে ইন্ডিয়ার নিষেধাজ্ঞার কারণে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading