পুলিশি বাধায় শাহবাগে অবস্থান যমুনা অভিমুখী বিসিএস প্রার্থীদের

পুলিশি বাধায় শাহবাগে অবস্থান যমুনা অভিমুখী বিসিএস প্রার্থীদের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪০

লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরুর পর পুলিশের বাধার মুখে পড়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। বর্তমানে তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা।

তাদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। প্রস্তুতির জন্য আরও বেশি সময় দিতে হবে।

তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীদের আন্দোলনের মধ্যেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী (২৭ নভেম্বর) পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত রোববার (২৩ নভেম্বর) রাতে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। কমিশন লক্ষ করছে যে, এ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কতিপয় প্রার্থী আন্দোলন করছেন। কমিশনের পক্ষ থেকে তাদের বোঝানো হয়েছে যে, কমিশন ২০২৪ সালের নভেম্বর মাসে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করেছে এবং প্রার্থীরা বিগত ডিসেম্বর-জানুয়ারি মাসে প্রার্থিতার আবেদন করেছেন।

আবেদনকারীরা গত ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে কমিশন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করেছে।

আরও বলা হয়, গত ৩ জুন কমিশন এক নোটিশে জানিয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর, ২০২৫-এ শুরু হবে। প্রায় ছয় মাস আগে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রার্থীরা লিখিত পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কে অবহিত ছিলেন। সুতরাং, লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে—এরূপ প্রচারিত তথ্য মোটেই সঠিক নয়।

লিখিত পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয়—বহু প্রার্থীর এমন দাবি সম্পর্কেও কমিশন অবহিত আছে।

এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন কিছু চাকরিপ্রার্থী। পরীক্ষা পেছানোর দাবিতে গত শনিবার ও রবিবার (২২ ও ২৩ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ ও রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন তাদের একটি অংশ।

এছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading