চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানের পথে ট্রানজিট পণ্যের যাত্রা

চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানের পথে ট্রানজিট পণ্যের যাত্রা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য যাচ্ছে স্থলবেষ্টিত দেশ ভুটানে। পরীক্ষামূলক কার্যক্রমের (ট্রায়াল রান) অংশ হিসেবে ট্রানজিটের প্রথম চালানের ৬ টন পণ্য বুধবার চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারির পর বুড়িমারি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ভারত হয়ে চালানটি ভুটান যাবে।

পরীক্ষামূলক চালানটিতে চকলেট, শ্যাম্পো, শুকনো পাম ফল ও জুস জাতীয় পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে আসে এসব পণ্য। ভুটানের একটি প্রতিষ্ঠান পণ্যগুলো আমদানি করছে।

চট্টগ্রাম বন্দরে খালাসের দায়িত্বে নিয়োজত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম টেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম খান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ট্রানজিটের পণ্যবোঝাই ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়েছে বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশ্যে।

জানা গেছে, চালানটি চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবে। এরপর ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের স্থলবন্দরে পৌঁছানোর কথা। এই ট্রানজিট সুবিধায় বন্দর এবং সড়ক পথ ব্যবহারের জন্য ভুটানকে বিভিন্ন ফি ও মাশুল পরিশোধ করতে হচ্ছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি ও প্রটোকল সই হয়েছিল ২০২৩ সালে। চুক্তি সইয়ের প্রায় দুই বছর পর এই পরীক্ষামূলক চালানের পরিবহন শুরু হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হবে। এতে শুধু ভুটানের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে না বরং বাংলাদেশ সরকার ট্রানজিট ফি ও চার্জ থেকে রাজস্ব আয় করতে পারবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading