প্লাস্টিক ও দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে অভিযান চালাতে হবে: পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিক ও দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে অভিযান চালাতে হবে: পরিবেশ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাতে হবে।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, বাজার, মার্কেট ও ফুটপাত এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নজরদারি প্রয়োজন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণকে অভ্যাস পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে।

উপদেষ্টা বলেন, শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন।

উপদেষ্টা বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং নগর সেবা আরও উন্নত হবে।

অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading