বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে মেসির বার্তা

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে মেসির বার্তা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৩০

আগামীকাল (শুক্রবার) আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী বছর হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের গ্রুপ ড্রয়ের আগের দিনই আর্জেন্টিনা অধিনায়ক জানালেন বিশ্বকাপ নিয়ে তার মিশ্র অনুভূতি।

কাতারে জেতা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে আলবিসেলেস্তে অধিনায়কের আত্মবিশ্বাস যেমন আছে, তেমনই আছে সতর্কতার সুর। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন মেসি।

তিনি বলেন, “হ্যাঁ, জাতীয় দল আবারও চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা। যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। পোস্টে লাগে, ঢুকে যায়—আপনার টুর্নামেন্ট শেষ। পেনাল্টিতে হারলেও শেষ…।”

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে মেসি বলেন, “ওই দুই ম্যাচে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল দিবু (এমিলিয়ানো মার্টিনেজ)। যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন।”

ইন্টার মায়ামির হয়ে শনিবার এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে নামার আগে নিজের দেখা সেরা কোচ সম্পর্কেও মন্তব্য করেছেন মেসি। তিনি বলেন, “আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন, জিতেছেন। আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে—সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।”

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কাতারের পুনরাবৃত্তি সম্ভব হলেও কাজটা যে সহজ নয়, সেটি মনে করিয়ে দিয়েই নতুন চ্যালেঞ্জ সামনে রাখছেন মেসি।

প্রসঙ্গত, আগামী বিশ্বকাপ খেলা নিয়ে এখনো ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে আবারও বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবলের মহাতারকাকে। অন্যদিকে, শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading