নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে মানুষ ঐক্যবদ্ধ: চরমোনাই পীর
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানুষ নির্বাচনের সঙ্গে গণভোট আলাদা করার ব্যাপারে সম্পূর্ণ ঐক্যবদ্ধ।
এক বিবৃতিতে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের আট প্রান্তে ছুটে গিয়ে সমাবেশে অংশ নিয়েছেন, আর স্থানীয় নেতা-কর্মীরা অল্পসময়ের প্রস্তুতিতে প্রভাববিস্তারী সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার পরিচয় দিয়েছেন।
পীর সাহেব বলেন, ‘আমরা যে পাঁচ দফা নিয়ে আন্দোলন করছি, তার প্রতি জনসাধারণের অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করেছে। প্রতিটি সমাবেশে উৎসাহ ও উদ্দিপনা দেখিয়ে জনগণ আগামীর বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।’
তিনি স্থানীয় ও জাতীয় সাংবাদিক, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পীর সাহেব চরমোনাই সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।’
ইউডি/এআর

