ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলা ‘হাস্যকর’: পিটিআই
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে নিয়ে দেশটির সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মন্তব্যকে হাস্যকর বলছে তার দল পিটিআই।
স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেন দেশটির আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী।
নাম উল্লেখ না করে ইমরান খানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ‘বিদেশি শক্তির সাথে কাজ করছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, অস্থিরতা উসকে দিচ্ছেন এবং ক্রমাগত সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন।’
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ অভিহিত করে চৌধুরী আরও বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তার অহংকার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলেন— আমি না থাকলে কিছুই থাকবে না।’
সেনাবাহিনীর এমন মন্তব্যের জবাবে শনিবার পিটিআই এক সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর মহাপরিচালকের করা মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছে।
দলটির মহাসচিব সালমান আকরাম রাজা ইসলামাবাদে বলেন, আজ, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা হচ্ছে, এটা একেবারেই ‘হাস্যকর’।
তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণ ইমরান খানের পরিবারের পাশে আছে। পিটিআই প্রতিষ্ঠাতার সমর্থকেরা ‘পাগল’ নয়, তাদের সাধারণ জ্ঞান আছে।’
পিটিআই মহাসচিব আরও বলেন, ‘আমরা এখানে গতকালের সংবাদ সম্মেলনের জবাব দিতে বসিনি। ওইট ছিল একটি দুর্ভাগ্যজনক বক্তব্য, যার জবাব দেয়ার মতো বস্তুনিষ্ঠতা কিছুই নেই।’
রাজা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন’, বরং পিটিআই প্রতিষ্ঠাতা দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখেছেন।
ইমরান খানকে ‘রাজনীতি থেকে সরিয়ে দেয়ার’ প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আল্লাহ না করুক, যদি তা করা হয়, তাহলে এই দেশকে ঐক্যবদ্ধ রাখা খুব কঠিন হবে।’
ইউডি/কেএস

