রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, শিগগিরই তফসিল ঘোষণা

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, শিগগিরই তফসিল ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পূর্ণ প্রস্তুতির চিত্র তুলে ধরতে আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

একই দিন সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন কেবল তফসিল ঘোষণার অপেক্ষা। তিনি বলেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে পুরো তফসিল তুলে ধরা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল প্রকাশ করা হতে পারে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসিও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীক এবার ব্যালট পেপারে থাকবে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নিবন্ধন স্থগিত বা বাতিল থাকলে কোনো দলের প্রতীক ব্যালটে জায়গা পায় না।

প্রবাসীরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন

এবারই প্রথম আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি দেশের ভেতরে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কয়েদিরাও একই সুবিধা পাবেন।

এ ছাড়া জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকছে না—এটিও এবারের নতুন বিধান।

ভোটার সংখ্যা ও কেন্দ্রের তথ্য

সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭

মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২

তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪

ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি এবং মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে দুই ভোট একসাথে হওয়ায় গোপন কক্ষ বাড়তে পারে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

অংশ নেবে অর্ধশতাধিক দল

বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট ৫৬টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ অংশ না নিলেও জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধন থাকা দলগুলো নির্বাচনে অংশ নিতে পারে এবং ভোটের আগেই এই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আচরণবিধি কার্যকর ও ম্যাজিস্ট্রেট মোতায়েন

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিলের পরই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading