কোরিয়া থেকে ৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৫
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ৪২০ কোটি ৯ লাখ টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় কোরিয়ার এমএস পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১ কার্গো (৯-১০ জানুয়ারি ২০২৬ সময়ের জন্য ২য়)এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এতে ব্যয় হবে ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকা ৬০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় এলএনজি ছাড়াও চাল ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
ইউডি/রেজা

