অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম

অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০

সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় স্থায়ী জামিন মেলেনি কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের। তবে তাকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) মামলার ধার্য দিন থাকায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। এসময় হিরো আলমের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন । হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এতথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, মনোমালিন্য থেকে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এরপর মীমাংসার কথা বলে গত ২১ জুন হাতিরঝিল এলাকার এক বাসায় রিয়া মনিকে ডাকা হয়। ওইদিন রিয়া মনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অচেনা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরে রিয়া মনির হাতিরঝিলের বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন হিরোসহ ১০-১২ জন। এসময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যান আসামিরা।

এ ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন রিয়া মনি। এ মামলার পরপর বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত ২৭ জুন দুপুরে প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে সেদিনই হিরো আলমকে দেখতে ঢাকা থেকে ছুটে যান রিয়া মনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading