আইন-শৃঙ্খলার অবনতি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ১৬ নাগরিক সংগঠন

আইন-শৃঙ্খলার অবনতি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ১৬ নাগরিক সংগঠন

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৮

আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে ‘ব্যর্থতার দায়ে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সংক্ষুব্ধ ১৬টি নাগরিক সংগঠন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি ন্যায়বিচার ও আইনের শাসনের কথা স্মরণ করিয়ে দিয়েছে সংগঠনগুলো।

বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, গণতান্ত্রিক অধিকার কমিটি, ব্রেইন, ক্ষুব্ধ নারী সমাজ, সম্প্রীতি যাত্রা, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম, জনভাষ্য, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ, টেক গ্লোবাল ইন্সটিটিউট, বটতলা–এ পারফর্মেন্স স্পেস, নারীপক্ষ, এএলআরডি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ভয়েজ ফর রিফর্ম, নাগরিক কোয়ালিশন।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর নৃশংস সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তিনি ছিলেন আপসহীন।

“গতকাল ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক অশনিসংকেত।”

কিন্তু এরপর ‘বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী’ এ ঘটনাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক ফায়দা নেওয়ার এবং দেশকে অস্থিতিশীল করার’ চেষ্টা করছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, “অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও পতিত আওয়ামী সরকারের নানা অংশ এবং দেশ-বিদেশের নানা শক্তির হাত থেকে নাগরিকদের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

“বিভাজন ও অনৈক্যের রাজনীতি এবং সহিংসতা জুলাই প্রজন্মসহ সব নাগরিককে আরো বেশি অনিরাপদ করে তুলেছে।”

পাশাপাশি হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণমাধ্যমে হামলা, সাম্প্রদায়িক সহিংসতাসহ এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে।

সেখানে বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়েছে। এর শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সংস্কৃতি ভবন এবং নালন্দা বিদ্যালয়। সংবাদমাধ্যমে সাংবাদিকরা কর্মরত থাকা অবস্থায় সে ভবনগুলোতে আগুন দেওয়া হয়।

“প্রাণ বাঁচাতে অনেক সংবাদকর্মী ছাদে আশ্রয় নেন। তাদের উদ্ধারে সেখানে নিউ এইজ সম্পাদক নূরুল কবীর উপস্থিত হলে তার ওপরও চড়াও হয় হামলাকারীরা। বেরিয়ে যাবার সময় নারী সাংবাদিকদের ওপরও হামলা করা হয়।”

গত দুদিনের ঘটনাপ্রবাহ তুলে ধরে সংগঠনগুলো বলছে, বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি আক্রান্ত হয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আক্রমণ ও ভারতীয় হাই কমিশন আক্রমণ প্রচেষ্টা হয়, যা ছিলো দায়িত্বজ্ঞানহীন। ইতোমধ্যে ধ্বংস হওয়া ধানমন্ডি ৩২ এর ভবন পুনরায় ভাঙতে যাওয়ায় জননিরাপত্তা বিঘ্নিত করেছে। এর মধ্যে আজ সন্ধ্যায় ঢাকায় উদীচীর অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading