আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়: রাধিকা

আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়: রাধিকা

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৮:২০

বিনোদন জগতে নায়িকাদের সৌন্দর্যের মাপকাঠি যেন কেবল ছিপছিপে শারীরিক গড়ন। এর সামান্য ব্যতিক্রম হলেই জুটছে কড়া সমালোচনা আর বডি শেমিং। মা হওয়ার পর ওজন বৃদ্ধি পাওয়ায় বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও সহ্য করতে হয়েছিল তীব্র কটাক্ষ। এবার প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনয় জীবনের শুরুর দিকে একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন রাধিকা। কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাধিকা জানান, শুটিং শুরুর আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিষয়টি তিনি সংশ্লিষ্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। এমনকি ঘুরতে গিয়ে ডায়েট করবেন না এবং ওজন কিছুটা বাড়তে পারে তাও স্পষ্ট করেছিলেন।

রাধিকার কথায়, ‘তখন আমার বয়স কম ছিল, মেটাবলিজমও ছিল দুর্দান্ত। আমি জানতাম ফিরে এসে দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারব। কিন্তু শুটিংয়ের আগে একটি ফটোশুটে আমাকে অংশ নিতে হয়। সেখানে আমায় কিছুটা মোটা দেখাচ্ছিল। আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়।’

বড় কাজ হাতছাড়া হওয়ার পর রাধিকা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েন। তার মনে ওজনের ব্যাপারে এক ধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সামান্য ওজন বাড়লেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন যে তাকে হয়তো আবারও কাজ হারাতে হবে। দীর্ঘ সময় এই ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি পেশাদার মনোবিদের সাহায্য নিতে বাধ্য হন।

সম্প্রতি মা হয়েছেন রাধিকা। সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বৃদ্ধি পেয়েছে। তবে অতীতের সেই ট্রমা কাটিয়ে এখন তিনি জীবনকে নতুনভাবে দেখতে শিখছেন। রাধিকার এই স্বীকারোক্তি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পর্দা কাঁপানো তারকাদেরও ক্যারিয়ার টিকিয়ে রাখতে কতটা অমানবিক মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading