‘ঐতিহাসিক জানাজা’ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

‘ঐতিহাসিক জানাজা’ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২:৫

আগামীর বাংলাদেশ কোন পথে যাবে- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা তার উত্তর দিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম লেখেন, ‘বাংলাদেশ কোন গন্তব্যে যাবে আজকের জানাজা তার উত্তর।’

এর আগে, এদিন বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন উন্মুক্ত স্থানসহ গোটা মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে লাখো কোটি মানুষের ঢল নামে শহীদ ওসমান হাদির জানাজায়। পরে তাকে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো কোটি মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার লাখো কোটি মানুষ এই ঐতিহাসিক জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমা বাদ রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি গণসংযোগ চালানোর সময় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading