৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে গ্রামের বাড়িতে

৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে গ্রামের বাড়িতে

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:০০

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ হওয়া ছয় বাংলাদেশি সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শহিদ শান্তিরক্ষীদের প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানগণ একে একে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের মরদেহ হেলিকপ্টারযোগে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে।

শহিদ হওয়া এই ছয় বীর সেনানি হলেন, করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (মেস ওয়েটার, কিশোরগঞ্জ) ও মো. সবুজ মিয়া (লন্ড্রি কর্মচারী, গাইবান্ধা)

গত ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ‘কাদুগলি লজিস্টিকস বেইসে’ একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। সেই নৃশংস হামলায় কর্তব্যরত এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান এবং আহত হন আরও ৯ জন। গত শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শহিদদের মরদেহ দেশে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তা গ্রহণ করেন।

হামলায় আহত ৯ জন শান্তিরক্ষী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন এবং করপোরাল আফরোজা পারভিন ইতিসহ অন্যদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

জানাজার আগে শহিদদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এই আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading