ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:২০

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি রাষ্ট্রীয় গণপরিবহন ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, রেল কর্তৃপক্ষ ঢাকা-কক্সবাজারসহ পূর্বাঞ্চল রেলের ছয় রুটে ভাড়া বাড়িয়েছে, যা গত ২০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। কমিটির নেতারা উল্লেখ করেন, গত ১৩ বছরে এসব রুটে অন্তত পাঁচ দফা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় কমিটি জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও ট্রেনভাড়া বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে। ভাড়া বৃদ্ধিতে সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুল আরোপ করা হয়েছে। এতে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ‘এবার ছয়টি রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। রুটগুলো হলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ।’

রেলওয়ে আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাসের লক্ষ্য নিয়ে গত ২৫ মে একটি বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, টিকিটের দাম না বাড়িয়ে সেতুর দৈর্ঘ্য অনুযায়ী পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে আয় বৃদ্ধি করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading