তাসকিনের ম্যাচে শেষ বলের থ্রিলার, জমে উঠল পয়েন্ট টেবিলে লড়াই
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:২০
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৫ রানের লক্ষ্য এখন আর বড় কিছু নয়! যেখানে নিয়মিতই ২০০ কিংবা ২৫০ রান করেও জয় নিশ্চিত থাকে না, সেখানে এমন লক্ষ্য সাধারণত সহজ বলেই ধরা হয়। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তারই আরেকটি প্রমাণ মিলল গত রাতে। তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্সকে এমনই মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে খেলতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে শারজা ওয়ারিয়র্স।
এই জয়ে ৮ ম্যাচে শারজার পয়েন্ট দাঁড়িয়েছে ৬। এখন পর্যন্ত তারা জিতেছে ৩ ম্যাচ এবং হেরেছে ৫টি। একই পয়েন্ট নিয়ে আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়ান্টস থাকলেও নেট রানরেটের ব্যবধানে শারজা অবস্থান করছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। শারজার নেট রানরেট -০.৯১০, যেখানে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের নেট রানরেট যথাক্রমে +০.০১৮ ও -০.৮০৫। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ডেজার্ট ভাইপার্স, এরপর এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালসের অবস্থান।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শারজা ওয়ারিয়র্স শুরুতেই চাপে পড়ে। ১২.১ ওভারে ৪ উইকেটে মাত্র ৬৫ রান তুলতেই ক্রমশ বাড়তে থাকে রানরেটের চাপ। ৪৭ বলে ৭০ রানের কঠিন সমীকরণ সামনে আসার পর দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা ও জেমস রিউ। পঞ্চম উইকেটে তারা ৩৫ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে শারজাকে ম্যাচে ফেরান। ১৮তম ওভারের শেষ বলে অজয় কুমারের বলে রাজা আউট হলে সেই জুটি ভাঙে। রাজা ২৫ বলে ২৮ রান করেন, যেখানে ছিল একটি চার ও একটি ছক্কা।
এরপর নাটক আরও ঘনীভূত হয়। ১৯তম ওভারের শেষ বলে ডোয়াইন প্রিটোরিয়াসকে শূন্য রানে ফিরিয়ে আবুধাবির জয়ের আশা জাগান জেসন হোল্ডার। শেষ ওভারে হাতে চার উইকেট নিয়ে শারজার দরকার ছিল ১২ রান। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে আন্দ্রে রাসেলকে শর্ট কাভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে শারজাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন আদিল রশিদ। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন জেমস রিউ, ২৯ বলে তিনি মারেন ৪টি চার ও একটি ছক্কা।
বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন আদিল রশিদ। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। আবুধাবির পক্ষে অজয় কুমার ও জেসন হোল্ডার একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবুধাবি নাইট রাইডার্স ভয়াবহ শুরু করে। মাত্র ৩.৫ ওভারে ৪ উইকেটে ১০ রানে পরিণত হয়ে তারা ১০০-এর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে শেষ দিকের ঝড়ে সেই বিপর্যয় এড়ায় দলটি। বিশেষ করে ১৯তম ওভারে বোলিংয়ে আসা তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে ২৫ রান তোলে আবুধাবি। ওই ওভারে দুটি করে ছক্কা হাঁকান জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে আবুধাবি।
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ২টি উইকেট। শারজা অধিনায়ক সিকান্দার রাজাও বল হাতে অবদান রাখেন, ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন একটি উইকেট। শেষ পর্যন্ত ছোট লক্ষ্য হয়েও ম্যাচ গড়ায় শেষ বলের উত্তেজনায়, আর তাতেই টি-টোয়েন্টির অনিশ্চয়তার আরেকটি গল্প যোগ হয়।
ইউডি/রেজা

