বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই মিলবে পুরস্কার

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই মিলবে পুরস্কার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৪০

বায়ু দূষণ রোধে বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই মিলবে পুরস্কার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, শিল্পকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর মতো কর্মকাণ্ডের কারণে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে অবনতি ঘটছে।

এতে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।এই পরিস্থিতি মোকাবেলায় বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে সরকার।

বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে চিহ্নিত বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে নিয়মিত বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে বায়ুদূষণ রোধে দেশের সব নাগরিকের সহায়তা চাওয়া হয়েছে।

কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি তুলে climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার।ই-মেইলে পাঠানো ছবির সঙ্গে অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।

প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে বর্জ্য পোড়ানোর স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading