লুথার কিংয়ের বিখ্যাত উক্তির সুরে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৭
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট সড়কসংলগ্ন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, আর পথে পথে নেতাকর্মীদের স্লোগান ও ভালোবাসায় সিক্ত হন তিনি।সমাবেশের মঞ্চে উঠে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়ের পর বক্তব্য দেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বিখ্যাত আমেরিকান মানবাধিকার নেতা ও নোবেলজয়ী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি ‘আই হ্যাভ আ ড্রিম’-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’
উল্লেখ্য, ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে মার্টিন লুথার কিং তার ঐতিহাসিক ভাষণে যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন।
তিনি সমতা, ন্যায়বিচার ও অহিংস প্রতিরোধের মাধ্যমে অধিকার আদায়ের কথা বলেন। তার স্বপ্ন ছিল এমন একটি সমাজ, যেখানে মানুষ বিচারিত হবে গায়ের রং নয়, চরিত্র ও যোগ্যতার ভিত্তিতে।
তারেক রহমানের বক্তব্যেও সেই মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়।তিনি বলেন, বাংলাদেশে পাহাড়-সমতল নির্বিশেষে, ধর্ম-বর্ণভেদ ছাড়াই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বক্তব্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশে শান্তি বজায় রাখতে হবে।
তিনি বারবার উচ্চারণ করেন, ‘আমরা দেশে শান্তি চাই।’ দেশের মানুষের কল্যাণে নিজের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ইউডি/এআর

