সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৩৭

পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহনের চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading