ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুজন হলেন যশোর পৌরসভার ধর্মতলা এলাকার কৃষ্ণ রায় ও কেশবপুর উপজেলার চালতী বাড়ি গ্রামের বিউটি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান অসুস্থ ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত ও দুজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাক রেখে পালিয়ে যান চালক।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading