আমেরিকায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুই পাইলটই নিহত

আমেরিকায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুই পাইলটই নিহত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৫

আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন শহরে গত রবিবার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারের পাইলটই নিহত হয়েছেন।

হ্যামন্টন পুলিশ নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। তাঁরা দুজনই নিউ জার্সির বাসিন্দা। আমেরিকায় বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস এমন তথ্য দিয়েছে। আমেরিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে, হেলিকপ্টার দুটিতে শুধু দুই পাইলটই ছিলেন। তারা আরও বলেছে, সংঘর্ষের কারণ জানতে কেন্দ্রীয়ভাবে তদন্ত হবে।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিমি) দক্ষিণ-পূর্বে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে হ্যামন্টন এলাকাটির অবস্থান। পুলিশ গত রবিবার বলেছে, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে গিয়েছিল। জরুরি সেবাদানকারী কর্মীরা আগুন নেভান।

আমেরিকায় বেসামরিক পরিবহনে দুর্ঘটনা–সংক্রান্ত তদন্ত করে থাকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একটি এনস্টর্ম ২৮০সি হেলিকপ্টার এবং একটি এনস্টর্ম এফ–২৮এ হেলিকপ্টারের মধ্যে ওই সংঘর্ষ হয়। গ্রিনিচ মান সময় (জিএমটি) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুটি হেলিকপ্টারই হালকা ধরনের। সাধারণত এগুলো তিনজন বা তার কম মানুষ বহন করতে পারে।

গত জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৬৭ জন নিহত হন। আমেরিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে, গত তিন বছরে প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনার হার গড়ে কমেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading